কৃষি সময়
প্রকাশ : May 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধান গবেষণায় নতুন উদ্যোগ এলএসটিডির রাইস গার্ডেন

বিশেষ প্রতিনিধি 
বাংলাদেশের কৃষি কেবল খাদ্য উৎপাদনের একটি খাত নয়; এটি জাতীয় অর্থনীতির প্রাণশক্তি, খাদ্য নিরাপত্তার ভিত্তি, কর্মসংস্থানের অন্যতম প্রধান উৎস এবং গ্রামীণ জীবনের সামাজিক-অর্থনৈতিক কাঠামোর মূল স্তম্ভ। হাজার বছরের কৃষিভিত্তিক এই জনপদে ধান শুধু একটি ফসল নয়—এটি মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, ঐতিহ্য এবং অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দেশের প্রায় প্রতিটি পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত, আর সেই কৃষি ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে ধান।

তবে বর্তমান সময়ে বাংলাদেশের কৃষি এক জটিল ও বহুমাত্রিক বাস্তবতার মুখোমুখি। জলবায়ু পরিবর্তনের প্রভাব, অনিয়মিত বৃষ্টিপাত, ক্রমবর্ধমান তাপমাত্রা, শ্রমিক সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আবাদযোগ্য জমির ক্রমহ্রাসমান প্রবণতা—সব মিলিয়ে দেশের খাদ্য নিরাপত্তাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একই সঙ্গে দেশের ভৌগোলিক বৈচিত্র্য কৃষিকে প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার মাত্রা বৃদ্ধি, হাওরাঞ্চলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও আকস্মিক বন্যা, পাহাড়ি এলাকায় ঢল ও মাটিক্ষয়, এবং উত্তরাঞ্চলে খরার প্রভাব—সব মিলিয়ে ধান উৎপাদন ব্যবস্থা প্রতিনিয়ত চাপের মধ্যে রয়েছে।  এই বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিকে আর একক ধারায় সীমাবদ্ধ রাখার সুযোগ নেই; বরং অঞ্চলভিত্তিক, গবেষণানির্ভর ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার দিকে অগ্রসর হওয়াই সময়ের অপরিহার্য দাবি। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু সহনশীল ও স্থানভিত্তিক উপযোগী ধানের জাতের সাথে আধুনিক কৃষি প্রযুক্তির সমন্বিত প্রয়োগই ভবিষ্যতের টেকসই খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি।

স্থানীয় এসব বাস্তবতাকে বিবেচনায় নিয়েই কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-তে বাস্তবায়িত হচ্ছে “নতুন ০৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণার উন্নয়ন (এলএসটিডি)” শীর্ষক প্রকল্প। এই উদ্যোগের মাধ্যমে দেশের ভিন্ন ভিন্ন কৃষি-পরিবেশ অঞ্চলের জন্য উপযোগী ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন, কার্যকর সম্প্রসারণ এবং দ্রুততম সময়ে কৃষক পর্যায়ে জনপ্রিয়করণের কার্যক্রম সুসংহত করা হচ্ছে। একইসাথে, প্রকল্পের আওতায় সারাদেশে ১৫টি প্রযুক্তি গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত, আধুনিক কৃষি প্রযুক্তি, যান্ত্রিকীকরণ ও উন্নত ফসল ব্যবস্থাপনা কৌশলের সমন্বিত প্রদর্শন ও সম্প্রসারণ কার্যক্রম কৃষি উন্নয়নে একটি নতুন মাত্রা সংযোজন করেছে।  

উদ্যোগেটি সবচেয়ে ব্যতিক্রমধর্মী সংযোজন হলো “রাইস গার্ডেন”, যা ইতোমধ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। টেলিভিশন, জাতীয় দৈনিক, অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তৈরি হয়েছে ইতিবাচক প্রতিক্রিয়া। কৃষক, গবেষক, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের কাছে রাইস গার্ডেন এখন একটি আকর্ষণীয় উদ্ভাবনী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। অনেকেই এটিকে বাংলাদেশের ধান গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণে কার্যকরী নতুন সংযোজন হিসেবেও বিবেচনা করছেন। 

রাইস গার্ডেন: ধান গবেষণায় এক অভিনব সংযোজন
“রাইস গার্ডেন”—নামটি প্রথম শুনলেই মনে কৌতূহল জাগে। সাধারণত ফুল, ফল কিংবা শোভাবর্ধক উদ্যানের ধারণার সঙ্গে পরিচিত মানুষদের কাছে ধানের জাতভিত্তিক এমন গবেষণামূলক গার্ডেন বাংলাদেশের কৃষি ইতিহাসে এক নতুন ও ব্যতিক্রমধর্মী সংযোজন। টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অঞ্চলভিত্তিক উপযোগী ধানের জাত নির্বাচন এবং গবেষণার ফলাফল সরাসরি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেনের কৌশলগত পরিকল্পনা ও দূরদর্শী দিকনির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

রাইস গার্ডেন শুধু একটি প্রদর্শনী ক্ষেত্র নয়; এটি ধান গবেষণা, প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষকের জ্ঞানভিত্তিক সক্ষমতা বৃদ্ধির একটি কার্যকর ও জীবন্ত মডেল। মাঠভিত্তিক এই প্রদর্শনী কৃষকদের মধ্যে নতুন প্রযুক্তি গ্রহণের আগ্রহ বহুগুণে বৃদ্ধি করছে। কারণ কৃষক যখন নিজ চোখে ফলাফল দেখেন, তখন প্রযুক্তির প্রতি আস্থা আরও দৃঢ় হয়। গবেষণা ও বাস্তব চাষাবাদের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার ক্ষেত্রে রাইস গার্ডেন ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে।

এক মাঠে ৬১টি ধানের জাত: রাইস গার্ডেনে গবেষণার জীবন্ত প্রদর্শনী
রাইস গার্ডেনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো—একই মাঠে ব্রি উদ্ভাবিত বোরো মৌসুম উপযোগী মোট ৬১টি ধানের জাতের সমন্বিত প্রদর্শনী। এর মধ্যে রয়েছে ৫৬টি ইনব্রিড এবং ৫টি হাইব্রিড জাত—যা বাংলাদেশে এ ধরনের বৃহৎ পরিসরের সমন্বিত জাত প্রদর্শনকে একটি নতুন মাত্রায় নিয়ে গেছে। এই গার্ডেনে উচ্চফলনশীল ব্রি ধান১০০, ১০২, ১০৮, ১১৬ ও ১১৮-এর পাশাপাশি উপকূলীয় লবণাক্ততা সহনশীল ব্রি ধান৬৭, ৯৭ ও ৯৯ প্রদর্শিত হচ্ছে। একইসঙ্গে রয়েছে বাসমতি টাইপের সুগন্ধি ও প্রিমিয়াম কোয়ালিটির ব্রি ধান১০৪, লো-জিআই সম্পন্ন ডায়াবেটিক রাইস ব্রি ধান১০৫, ব্লাস্ট প্রতিরোধী ব্রি ধান১১৪সহ বিভিন্ন পুষ্টিসমৃদ্ধ ও ঘাতসহনশীল জাত।

উপকূলীয় লবণাক্ত পরিবেশে ব্রি ধান৬৭ ও ব্রি ধান৯৯ তুলনামূলক উচ্চ ফলন প্রদর্শন করায় দক্ষিণাঞ্চলের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। অন্যদিকে ব্রি ধান১০৫ লো-জিআই বৈশিষ্ট্যসম্পন্ন হওয়ায় এটি পুষ্টিনির্ভর খাদ্য নিরাপত্তার পাশাপাশি ডায়াবেটিস-সংবেদনশীল খাদ্য ব্যবস্থাপনায় তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। বিশেষজ্ঞদের মতে, লো-জিআই চাল রক্তে গ্লুকোজের মাত্রা ধীরে বৃদ্ধি করে এবং নিয়ন্ত্রিত খাদ্য পরিকল্পনায় এটি তুলনামূলকভাবে অধিক উপযোগী হিসেবে বিবেচিত হয়। সুগন্ধি ব্রি ধান১০৪ প্রিমিয়াম রাইস মার্কেটে বাণিজ্যিক সম্ভাবনার শক্তিশালী ও সুস্পষ্ট ইঙ্গিত প্রদান করছে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেছেন। 

এছাড়া ব্রি ধান১০০ ও ব্রি ধান১০২ চিকন, জিংকসমৃদ্ধ ও জিরা-টাইপ ধান হিসেবে পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী নারীদের পুষ্টি ঘাটতি পূরণে সহায়ক হতে পারে। আবার ধান উৎপাদনের অন্যতম বড় হুমকি ব্লাস্ট রোগ মোকাবিলায় ব্রি ধান১১৪ একটি কার্যকর প্রতিরোধী জাত হিসেবে বিবেচিত হচ্ছে। একইসঙ্গে ব্রি ধান১০৮ এবং ব্রি হাইব্রিড ধান৮ উচ্চফলনশীল জাত হিসেবে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের ঘেরভিত্তিক কৃষি ব্যবস্থায় ব্রি হাইব্রিড ধান৮ অনুকূল ব্যবস্থাপনায় প্রতি শতকে ১ মণেরও বেশি ফলনের সম্ভাবনা দেখিয়ে উৎপাদনশীলতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

ফলে কৃষকরা একই মাঠে বিভিন্ন জাতের বৈশিষ্ট্য, ফলন সম্ভাবনা, জীবনকাল, রোগবালাই প্রতিরোধ ক্ষমতা ও অভিযোজন সক্ষমতা সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছেন। গাছের গঠন থেকে শুরু করে শীষের মান, পরিপক্বতার সময়কাল এবং ফলনের সম্ভাবনা—সবই এখন কৃষকের মাঠেই বিশ্লেষণ করা হচ্ছে। একসময় নতুন জাত সম্পর্কে ধারণা পেতে কৃষকদের কৃষি অফিস বা গবেষণা প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হতো। এখন সেই ব্যবধান কমে এসেছে—নিজ এলাকার মাঠেই তারা একসাথে বিভিন্ন জাত দেখে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিতে পারছেন, যা কৃষকের আত্মবিশ্বাস ও প্রযুক্তি গ্রহণের সক্ষমতা উভয়ই বৃদ্ধি করছে। 

সারা দেশে ১৫টি রাইস গার্ডেন: কৃষি গবেষণায় রূপান্তরমূলক জাতীয় উদ্যোগ
এলএসটিডি প্রকল্পের আওতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) দেশের নতুন ০৬টি আঞ্চলিক কার্যালয় ও ০৬টি স্যাটেলাইট স্টেশনসহ বিদ্যমান ০৩টি আঞ্চলিক কার্যালয়ের প্রযুক্তি গ্রামে সর্বমোট ১৫টি রাইস গার্ডেন প্রতিষ্ঠা করেছে। বোরো ২০২৫–২৬ মওসুমে ব্রি উদ্ভাবিত ৬১টি বোরো উপযোগী ধানের জাতের মধ্য থেকে দিনাজপুরের কাউগা (৫৪টি), খাগড়াছড়ির পাইলটপাড়া (৫৫টি), কক্সবাজারের পশ্চিম চাকমারকুল (৫৪টি), সুনামগঞ্জের উজানীগাঁও (৫১টি), টাঙ্গাইলের কিসামত (৫১টি) এবং নেত্রকোনার বাদেবিন্না (৫৯টি) প্রযুক্তি গ্রামে সমন্বিত রাইস গার্ডেন স্থাপন করা হয়েছে।

একইসাথে খুলনা, পটুয়াখালী, পঞ্চগড়, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট স্যাটেলাইট স্টেশনের প্রযুক্তি গ্রামগুলোতে যথাক্রমে ৫৮, ৫৬, ৫১, ৫৬, ৫১ ও ৫৫টি ধানের জাতের সমন্বয়ে রাইস গার্ডেন প্রতিষ্ঠা করা হয়েছে। এই সমন্বিত আয়োজন দেশের ভিন্ন ভিন্ন কৃষি-পরিবেশ অঞ্চলে ধানের জাতের বৈজ্ঞানিক মূল্যায়ন, তুলনামূলক বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ে দ্রুত প্রযুক্তি সম্প্রসারণকে একটি নতুন উচ্চতায় উন্নীত করেছে।

এখানে শুধু কৃষকরাই নন; কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, গবেষক, পিএইচডি গবেষক এবং কৃষি বিষয়ে আগ্রহী তরুণ শিক্ষার্থীরাও নিয়মিতভাবে রাইস গার্ডেন পরিদর্শন করছেন। অনেকের কাছেই এটি বাস্তবভিত্তিক কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী জ্ঞানচর্চার এক কার্যকর, প্রাণবন্ত ও রূপান্তরমুখী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণে নতুন দৃষ্টিভঙ্গি
এলএসটিডি প্রকল্পের রাইস গার্ডেন কার্যক্রমের পেছনে রয়েছে একটি সুদূরপ্রসারী বৈজ্ঞানিক ও কৌশলগত পরিকল্পনা। দেশের ১৫টি ভিন্ন ভৌগোলিক অঞ্চলে স্থাপিত এই রাইস গার্ডেনসমূহ থেকে সংগৃহীত মাঠ পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে Environment × Genotype (E×G) বিশ্লেষণ পরিচালিত হবে। এর মাধ্যমে পরিবেশ ও জাতের পারস্পরিক ক্রিয়ার ভিত্তিতে ধানের অভিযোজন সক্ষমতা ও ফলনশীলতা বৈজ্ঞানিকভাবে মূল্যায়ন করা সম্ভব হবে।

বাংলাদেশের কৃষি-পরিবেশগত বৈচিত্র্য অত্যন্ত বিস্তৃত। মাটি, পানি, তাপমাত্রা ও জলবায়ুর ভিন্নতার কারণে একই ফসল বিভিন্ন অঞ্চলে ভিন্ন আচরণ প্রদর্শন করে। ফলে একটি নির্দিষ্ট ধানের জাত সব এলাকায় সমান ফলন বা অভিযোজন সক্ষমতা প্রদর্শন করে না। এই প্রেক্ষাপটে E×G বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যার মাধ্যমে কোন জাত কোন অঞ্চলে সর্বোচ্চ উপযোগী, অধিক ফলনশীল এবং টেকসই হবে তা বৈজ্ঞানিকভাবে নির্ধারণ করা যাবে। দেশের কৃষি-ভূগোল বিশ্লেষণে দেখা যায়, অঞ্চলভেদে ফসলের বিশেষায়ন স্পষ্টভাবে বিদ্যমান—দিনাজপুর সুগন্ধি চাল ও লিচুর জন্য, চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য, সিলেট চায়ের জন্য, খুলনা ও বাগেরহাট চিংড়ি ও ঘেরভিত্তিক মৎস্য চাষের জন্য, মধুপুর আনারসের জন্য, যশোর খেজুরের গুড়ের জন্য, রংপুর আলুর জন্য, কুমিল্লা সবজি উৎপাদনের জন্য, কুষ্টিয়া পান চাষের জন্য এবং বান্দরবান পাহাড়ি ফল ও মসলাজাতীয় ফসলের জন্য সুপরিচিত। এই বৈচিত্র্যই প্রমাণ করে যে, ফসলের উৎপাদন ও গুণগত মান সম্পূর্ণভাবে অঞ্চলভিত্তিক পরিবেশের ওপর নির্ভরশীল। 

একই বাস্তবতা ধান উৎপাদনের ক্ষেত্রেও প্রযোজ্য। মাটি, পানি, লবণাক্ততা, জলাবদ্ধতা, খরা ও তাপমাত্রার ভিন্নতার কারণে ধানের জাতভেদে ফলন ও অভিযোজন ক্ষমতায় সুস্পষ্ট পার্থক্য দেখা যায়। সাধারণ অনুকূল পরিবেশে কোনো জাত উচ্চ ফলন প্রদর্শন করলেও উপকূলীয় লবণাক্ততা, খরাপ্রবণতা কিংবা জলাবদ্ধতার মতো প্রতিকূল পরিবেশে এর উৎপাদনশীলতা ও স্থিতিশীলতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। ফলে পরিবেশগত চাপের প্রভাবে জাতভিত্তিক পারফরম্যান্সের এই বৈচিত্র্য অঞ্চলভিত্তিক উপযোগী ধানের জাত নির্বাচনকে একটি অপরিহার্য ও কৌশলগত কৃষি অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এই লক্ষ্যকে সামনে রেখেই রাইস গার্ডেনের মূল উদ্দেশ্য নির্ধারিত হয়েছে—মৌসুমভিত্তিক সকল ধানের জাত একই পরিবেশে বৈজ্ঞানিকভাবে সমন্বিতভাবে মূল্যায়ন, স্থানভিত্তিক উপযোগী জাত নির্বাচন এবং তা দ্রুত ও কার্যকরভাবে মাঠ পর্যায়ে জনপ্রিয়করণ। এর মাধ্যমে উপকূলীয় অঞ্চলের জন্য লবণাক্ততা সহনশীল জাত, হাওরের আগাম বন্যা ঝুঁকি মোকাবিলায় স্বল্পমেয়াদি উচ্চফলনশীল জাত, খরাপ্রবণ এলাকার জন্য স্বল্প পানি-নির্ভর জাত এবং পাহাড়ি অঞ্চলের জন্য অভিযোজনক্ষম জাত নির্বাচন ও সম্প্রসারণ কার্যক্রম আরও সুসংহত, প্রমাণভিত্তিক এবং টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থার দৃঢ় ভিত্তি গড়ে তুলবে। 
 
কৃষকের সঙ্গে গবেষণার কার্যকর সংযোগ: রাইস গার্ডেনের রূপান্তরমূলক উদ্যোগ
বর্তমান প্রেক্ষাপটে রাইস গার্ডেন কেবল একটি প্রদর্শনী ক্ষেত্র নয়; এটি কৃষকের জন্য উন্মুক্ত একটি ফিল্ড ল্যাবরেটরি এবং বাস্তবভিত্তিক কৃষি শিক্ষার কেন্দ্র হিসেবে রূপান্তরিত হয়েছে। প্রতিদিন স্থানীয় কৃষক, কৃষিশ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটি পরিদর্শন করছেন। অনেকেই একে “ধানের জীবন্ত জাদুঘর” হিসেবে অভিহিত করছেন।

একই মাঠে বিপুল সংখ্যক ধানের জাতের সমন্বিত প্রদর্শনের মাধ্যমে কৃষকরা নিজ এলাকার উপযোগী জাত নির্বাচন বিষয়ে তথ্যভিত্তিক ও বাস্তব সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করছেন। পাশাপাশি তারা ধানের সম্পূর্ণ জীবনচক্র, আধুনিক ফসল ব্যবস্থাপনা, রোগ শনাক্তকরণ, সুষম সার প্রয়োগ, যান্ত্রিক রোপণ এবং প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি সরাসরি মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ ও অনুশীলনের সুযোগ পাচ্ছেন।

এই উদ্যোগ গবেষক ও কৃষকের মধ্যে একটি কার্যকর দ্বিমুখী সেতুবন্ধন তৈরি করেছে। পূর্বে রাইস গার্ডেন কার্যক্রম মূলত ব্রি সদর দপ্তর ও বিদ্যমান ১১ টি আঞ্চলিক কার্যালয়ের গবেষণা মাঠে সীমাবদ্ধ থাকলেও, এখন তা প্রকল্পের আওতায় ১৫টি প্রযুক্তি গ্রামে কৃষকের মাঠে বাস্তবায়নের মাধ্যমে গবেষণালব্ধ প্রযুক্তির সরাসরি মাঠ পর্যায়ের যাচাই, অভিযোজন ও সম্প্রসারণ আরও গতিশীল হয়েছে। একইসাথে কৃষকরাও তাদের বাস্তব অভিজ্ঞতা গবেষকদের সঙ্গে সরাসরি বিনিময়ের সুযোগ পাচ্ছেন।

টেকসই খাদ্য নিরাপত্তায় সময়োপযোগী ও কৌশলগত উদ্যোগ
বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী, ভৌগোলিক বৈচিত্র্য বিবেচনায় সঠিক ধানের জাত নির্বাচন, গবেষণালব্ধ প্রযুক্তির কার্যকর সম্প্রসারণ এবং মাঠ পর্যায়ে দ্রুত জনপ্রিয়করণ ছাড়া ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এই প্রেক্ষাপটে প্রযুক্তি গ্রামের রাইস গার্ডেন কেবল একটি কৃষি প্রদর্শনী নয়; বরং এটি বাংলাদেশের কৃষিকে গবেষণাভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও টেকসই উৎপাদন ব্যবস্থার দিকে কৌশলগতভাবে এগিয়ে নেওয়ার একটি রূপান্তরমুখী উদ্যোগ।

গবেষণা, প্রযুক্তি ও কৃষকের মধ্যে কার্যকর ও প্রত্যক্ষ সংযোগ স্থাপনের মাধ্যমে এলএসটিডি প্রকল্প দেশের কৃষিকে আরও আধুনিক, জ্ঞানভিত্তিক ও স্থিতিশীল কাঠামোর দিকে অগ্রসর করছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এই উদ্ভাবনী উদ্যোগ ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং কৃষি উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

1

বিএমডিএ’র চেয়ারম্যান নিয়োগ পেলেন কৃষক দল সভাপতি তুহিন

2

অবৈধ ইটভাটায় যাচ্ছে কৃষি জমির উর্বর মাটি

3

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

4

টেকসই খাদ্য নিরাপত্তায় মূল চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন : কৃষিম

5

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

6

সফল কৃষি উদ্যোক্তা ফেনীর রিপন চেয়ারম্যান

7

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

8

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

9

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

10

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

11

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

12

ফ্ল্যাট বিক্রি করে এমপির স্ত্রীর সাথে প্রতারণা, কারাগারে ধান

13

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে নিরাপদ চিংড়ি উৎপাদন নিশ্চিত

14

‘দেশীয় বালাইনাশক শিল্পে টিকে থাকতে কাঁচামালে ৫৮ শতাংশ শুল্ক

15

গলদা -বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

রফতানিমুখী বাণিজ্যিক কৃষি : উন্নয়ন এবং চ্যালেঞ্জ

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

‘নবীর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্

20