নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় গঠিত কৃষক গ্রুপে সেচ সহায়ক সরঞ্জামাদি এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম শুরু করেছে। গত সোমবার (২৬ জানুয়ারি) ময়মনসিংহ সদরে কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) আওতায় বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে ৪ হাজার ২৮১টি কৃষক গ্রুপের মাঝে সেচ সহায়ক সরঞ্জামাদি এলএলপি সেট বিতরণ করা হবে। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরে ১ হাজার ৪২৭টি গ্রুপের মাঝে এলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হবে। যার উদ্বোধন করলেন সচিব।
এসময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মির্জা আশফাকুর রহমান,কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক আব্দুর রহিম, অতিরিক্ত পরিচালক (ময়মনসিংহ অঞ্চল), অতিরিক্ত পরিচালক (ঢাকা অঞ্চল)ময়মনসিংহ জেলা প্রশাসকসহ ৬ গ্রুপের কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন। সার্বিক বিষয়ে ব্রিফ করেন বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (প্রথম সংশোধিত) পিডি জিয়াউর রহমান।
ময়মনসিংহ সদর উপজেলার ব্রম্মপুত্র নদীর চরের ৬টি কৃষক গ্রুপের মাঝে ৬টি এলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়। প্রতিটি গ্রুপে চরের ৩০ জন কৃষক (২০ জন পুরুষ ও ১০ জন নারী) রয়েছেন। প্রতি গ্রুপের জন্য ১ লাখ ২৬ হাজার টাকার যন্ত্রপাতি (মালামাল) বরাদ্ধ রয়েছে।